কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রেসরিলিজে জানায়,ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী।

শনিবার ৭ জুন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শশীদল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১২৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

বিজিবি আরও জানায়,দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।