খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া রবিবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে জেলার বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন জেলার মানুষ।

অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, পঞ্চগড় অঞ্চলে অনুভূত হওয়া কম্পনের আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং জেলা শহর থেকে ভূমিকম্পের কেন্দ্রের দূরত্ব ছিল প্রায় ১৩৮ মাইল (২২২ কিলোমিটার)।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঘরের দরজা-জানালা, খাট-বিছানা ও অন্যান্য আসবাবপত্র তীব্রভাবে কেঁপে ওঠে। হঠাৎ এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে খোলা জায়গায় চলে আসেন। তবে, তাৎক্ষণিকভাবে জেলার কোথাও কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ চন্দ্র বলেন, “রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে ৪৩২ কিলেমিটার উত্তরে ভুটানে এর উৎপত্তিস্থল।”