কুমিল্লা প্রতিনিধি : আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নগরবাসীর জন্য উন্মুক্ত স্থানে বড় পর্দায় খেলা দেখার বিশেষ উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এ আয়োজনের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

পরিদর্শনকালে তিনি বড় LED স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য গৃহীত বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। একই সঙ্গে দর্শকদের নিরাপত্তা, বসার ব্যবস্থা এবং নির্বিঘ্নে খেলা উপভোগের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কুসিক সূত্রে জানা যায়, প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বিশেষ উদ্যোগে এ আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কুমিল্লা নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ও আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন।

পরিদর্শনের সময় কুসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার এই উদ্যোগ নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলবে।