কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মহানগর ও সদর উপজেলার দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) নবনিযুক্ত চেয়ারম্যান এবং মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিমসহ গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কুমিল্লা মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সংকট নিরসনের দাবি জানান।

এ সময় কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “গ্যাস মানুষের মৌলিক চাহিদার অন্যতম। কুমিল্লার জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং চলমান দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, বাখরাবাদ কর্তৃপক্ষ দ্রুত এ সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”

জবাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে উপস্থিত ভুক্তভোগীরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি পুনর্ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।