মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রায় দুই বছর পর পুনরায় স্বপদে পূর্ণবহাল হয়েছেন।

তারা হলেন, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু) এবং চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর খসরু।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে অনুপস্থিত থাকার পর আবারও দায়িত্বে ফিরেছেন এ দুই জনপ্রতিনিধি। জেলা প্রশাসনের এক আদেশের মাধ্যমে তাদের পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে গত ১৭ জুন জারি করা পৃথক দুটি অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে মো. আলমগীর খসরুকে চামরদানী ইউনিয়ন পরিষদ এবং সঞ্জীব রঞ্জন তালুকদারকে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

দীর্ঘ সময় পর চেয়ারম্যানদের দায়িত্বে প্রত্যাবর্তনের খবরে দুই ইউনিয়নের সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও সমর্থকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, তাদের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনসেবার মান বৃদ্ধি পাবে।

এ বিষয়ে চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু) ও চেয়ারম্যান মো. আলমগীর খসরু জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রায় দুই বছর পর পুনরায় চেয়ারম্যানদের স্বপদে বহাল হওয়ার ফলে দুই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং জনসেবার কার্যক্রম আরও বেগবান হবে।