পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় রাস্তার পাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার ১৭ জুন রাত পৌনে ১২ টায় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিখুড়া এলাকার জনৈক সালামের বাড়ির পাশে পাকা রাস্তা থেকে মর্টারশেল টি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিটকিখুড়া এলাকার কয়েকজন শ্রমিক সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদীতে বালু ও পাথর উত্তোলনের সময় মর্টারশেল টি পায়। পরে তারা গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে ঘষামাজা করে পরিস্কার করে দেখতে পায় সেটি মুলত একটি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। পরে তারা ঝিটকিখুড়া এলাকার রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে মধ্যরাতে সদর থানা পুলিশের সহকারী পরিদর্শক চন্দন কুমার রায় পুলিশ ফোর্স নিয়ে মর্টারশেল টি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, সাতমেড়া ইউনিয়নের ঝিটকিখুড়া এলাকার আনোয়ার হোসেন (২৮), ফেরদৌস (২৪), মোমিনুল ইসলাম (৩০) সহ কয়েকজন শ্রমিক চিলকা নদী থেকে পাথর ও বালু উত্তোলনের সময় প্রাপ্ত মর্টারশেল গুপ্তধন মনে করে বাসায় নিয়ে যায়। এবং পরে বুঝতে পেরে রাস্তার ধারে ফেলে রাখে। স্থানীয় সূত্রে খবর পেয়ে মর্টার শেলটি আমরা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। রংপুর বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে যেটি নিস্ক্রিয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, মর্টারশেল টি অনেক পুরনো হওয়ায় প্রাথমিক ভাবে ধারণা করছি এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হওয়া একটি অস্ত্র।