কুমিল্লা প্রতিনিধি : লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। তবে গোয়েন্দা পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান।

পুলিশ জানায়,মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়।

প্রাথমিকভাবে যানবাহনটি সাধারণ পণ্যবাহী বলে মনে হলেও বিস্তারিত অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

তল্লাশির সময় দেখা যায়, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই করা ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবার বিশাল চালান। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ডিবি সদস্যরা সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কিন্তু গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।”

পুলিশ সুপার আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে ডিবির ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।