কুমিল্লা প্রতিনিধি : পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের মতো মানুষ হওয়া। যে শিক্ষা একজন মানুষকে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে পারে না, সেখানে প্রকৃত শিক্ষার ঘাটতি থেকে যায়।
শনিবার ২০ জুন সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সায়মা ফেরদৌস বলেন, জীবনের সফলতা শুধুমাত্র জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করেও জীবনে প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি, আবার তুলনামূলক কম ফল করেও অনেকে মেধা, মনন ও কর্মদক্ষতার মাধ্যমে সফলতার স্বাক্ষর রেখেছে। তাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে ভুল হতেই পারে। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারলে কাউকে থামিয়ে রাখা সম্ভব নয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
ড. সায়মা আরও বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। সমাজের মানুষের জন্য কাজ করার মধ্য দিয়েই জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব। শিক্ষা শুধু উপার্জনের মাধ্যম নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী উপায়।
তিনি বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, জীবনে যত বড় অবস্থানেই পৌঁছানো হোক না কেন, বাবা-মায়ের প্রাপ্য সম্মান কখনো ভুলে যাওয়া উচিত নয়। একই সঙ্গে ভবিষ্যতের কথা চিন্তা করে উপার্জনের শুরু থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বশির ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রেজা হাসান, অধ্যাপক শিপন আহমেদ, সহকারী অধ্যাপক মো. শাহজাহান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।