কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যু ঘটনায় দায়ের করা হত্যা ও আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি মেহেদী হাসান হৃদয়ের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ২৩ জুন কুমিল্লার জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মো. সামছুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা আসামির জামিনের বিরোধিতা করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।

অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন মঞ্জুরের পক্ষে বক্তব্য দিলেও আদালত তা গ্রহণ না করে আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ১০ মে আদালতে আত্মসমর্পণ করলে মেহেদী হাসান হৃদয়কে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। এর আগেও তার একটি জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ মে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে জান্নাতুন নাঈম ফারিহার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের দাবিকে কেন্দ্র করে ফারিহা পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হন। এসব ঘটনার ধারাবাহিকতায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও বাদীপক্ষ।

মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।