মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযানের ফলে মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম-এর নেতৃত্বে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযান পরিচালিত হওয়ায় অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয়দের দাবি। এতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা অনেকটাই কমে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। তবে পুলিশের নিয়মিত অভিযান, সন্দেহভাজনদের নজরদারি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তারা এই অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মধ্যনগর থানা এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। কেউ এলাকা ছেড়ে আত্মগোপনে গেলেও তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত মধ্যনগর গড়তে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।