আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ১৯ জুলাই বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. আকতার মিয়া (৫৯)।সে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগার চর (পাহাড়তলী) গ্রামের মরহুম কুদরত আলী মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, রৌমারী-ঢাকাগামী সড়কের সুইস গেইট বাজারে মো. কবির হোসেনের ভেটেরিনারি দোকানের সামনে থেকে তাকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম শাহীন জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।