লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জ জেলার জুন ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।
সোমবার ২০ জুলাই দুপুর ২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
সভার শেষে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে ওসি মাহফুজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একইসাথে জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ কনস্টেবলদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসানুর রহমান।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরবৃন্দ এবং বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, জনসেবা নিশ্চিত করা এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।