মধ্যনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ লা সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা রেস্ট হাউসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির ৪৮ বছরের পথচলা জনগণের সঙ্গে সম্পৃক্ততার ইতিহাস।”
তিনি আরও বলেন, “দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে জনগণের পাশে দাঁড়াতে হবে। মধ্যনগরসহ সুনামগঞ্জ-১ আসনের মানুষের সুখে-দুঃখে বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে হবে। আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল খন্দকার, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবুর আলম, সাধারণ সম্পাদক ইমামুল গণি রুবেল, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোসাব্বির হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।