সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামে গ্রামীণ সড়কের পাশ থেকে প্রকাশ্যে অন্তত পাঁচটি পরিবেশবান্ধব গাছ কর্তনের অভিযোগ উঠেছে মোর্শিদ মিয়া নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার ৭ আগস্ট বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলকাটা গ্রামের ভেতরের সড়কের পাশ থেকে রোপণকৃত বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। কোনো প্রকার তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে অবৈধভাবে গাছগুলো কেটে গোপনে ওই স্থান থেকে প্রক্রিয়াজাত করণের প্রস্তুতি চলছে অভিযুক্ত মোরশিদ মিয়া সহ তার লোকজন।
স্থানীয়দের চরম ক্ষোভ ও চাপের মুখে অভিযুক্ত মুর্শিদ মিয়া নিজের অপকর্ম আড়াল করার চেষ্টা করে বলেন, গাছগুলো আমার নিজস্ব রেকর্ডীয় জায়গার। তাই আমি বসতঘর নির্মানের জন্য গাছগুলো কেটেছি। তবে আমি আসলে বুঝতে পারিনি আইন অমান্য করে ফেলেছি আমি ভুল করেছি ।
গাছ কাটার এই ধৃষ্টতাপূর্ণ বিষয়ে স্থানীয় রেঞ্জ অফিসার তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, সড়কের পাশের গাছ এভাবে ব্যক্তিস্বার্থে কেটে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জমি রেকর্ডীয় দাবি করে আইনের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে গ্রামীণ সড়কের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস করে এভাবে গাছ কাটার বিষয়ে ক্ষোভে ফুসে উঠেছে স্থানীয় সচেতন মহল। ব্যক্তিস্বার্থে পরিবেশের অপপূরণীয় ক্ষতি সাধনকারী এই চক্রের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।