মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে এক বালু-পাথর ক্র্যাশার মিল ব্যবসায়ীর অফিসের সিলিং কেটে ভেতরে ডুকে স্টিলের ওয়ারড্রোবের তালা ভেঙে নগদ ৫ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী কামাল মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া খেয়াঘাট সংলগ্ন মেসার্স আরমান ট্রেডার্সের অফিসে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী কামালের দাবি, গত ৭ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নৌকা ভাড়া, শ্রমিকদের মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য তিনি নিজ বাড়ি থেকে ৫ লাখ টাকা নগদ নিয়ে অফিসে যান। টাকার মধ্যে ৪০০টি এক হাজার টাকার নোট এবং ৫০টি বান্ডিল ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আনুমানিক দুপুর ১টার দিকে তিনি টাকা অফিসের স্টিলের ওয়ারড্রোবের ড্রয়ারে তালাবদ্ধ করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ শেষে আনুমানিক দুপুর ২টার দিকে অফিসে ফিরে দেখতে পান, ওয়ারড্রোবের ড্রয়ারের তালা ভাঙা এবং ভেতরে রাখা ৫ লাখ টাকা নেই।

অভিযোগে আরও বলা হয়, অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি অফিসের ছিলিং খুলে ভেতরে প্রবেশ করে জানালা বন্ধ করে দেয় এবং পরে স্টিলের ড্রয়ারের তালা ভেঙে টাকা নিয়ে যায় বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ী কামাল চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরি যাওয়া টাকা উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো ফারুক মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।