মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : সারাদেশের সাথে একযোগে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ ১০ আগস্ট সোমবার সকালে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ এবং মোট জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০ জন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এবছর মোট ১ লক্ষ ৯ হাজার ৬১৩ জন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লক্ষ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্রসংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রীসংখ্যা ৫১ হাজার ১৫১ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ৬০ হাজার ২৭৪ জন, এরমধ্যে ছাত্র সংখ্যা ২৮ হাজার ৩৭২ (৫২.৬৬ শতাংশ) এবং ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৯০২ (৬২.৩৭ শতাংশ) জন। মোট ৫ হাজার ৭০০ জন জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহের অধীনে মোট ১৮৮টি কেন্দ্রের ১ হাজার ৩৪৪টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোচ্চ নেত্রকোনা জেলা থেকে ৬০.৪৯ শতাংশ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। বিভাগের ময়মনসিংহ জেলা থেকে ৫৭.৮০ শতাংশ, জামালপুর জেলা থেকে ৫৫.৬০ শতাংশ এবং শেরপুর জেলা থেকে ৫৫.৪১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শাখাভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭১.৮৭ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৬.১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৮.৯১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনস্থ চার জেলায় শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৪টি। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ফলাফল প্রকাশের পরের দিন থেকে আগামী ৭ দিনের মধ্যে https://rescrutiny.eduboardresults.gov.bd ঠিকানায় (১১/০৮/২০২৬ – ১৭/০৮/২০২৬) অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।