মাভাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

শুক্রবার ২১ আগস্ট এক অভিনন্দনবার্তায় উপাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অভিনন্দনবার্তায় অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও দেশসেবার প্রত্যয় রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

মাভাবিপ্রবির চ্যান্সেলর হিসেবে তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

তিনি বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চ্যান্সেলরের অভিভাবকসুলভ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

অভিনন্দনবার্তায় উপাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তাঁর বলিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও উন্নয়নের পথে আরও এ গিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনে শক্তি, প্রজ্ঞা ও তাওফিক কামনা করেন।