কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই হোটেল-রেস্টুরেন্টকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রবিবার ৩০ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের আদর্শ সদর উপজেলার শংকরপুর ও সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শংকরপুর এলাকার “MAYAMI-3” রেস্টুরেন্টে কাঁচা মাংসের রক্ত ও বর্জ্যের সঙ্গে রান্না করা খাবার রাখাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার “জাইতুন” রেস্টুরেন্টে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক মো. সাকিব।

অভিযান চলাকালে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।