মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের দুই সদস্য জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

রিজেন্ট বোর্ডের সদস্য আব্দুস সালাম পিন্টু জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য।

অন্যদিকে, রিজেন্ট বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য।

একই বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় বিষয়টি নিয়ে মাভাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী টাঙ্গাইলের এই দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

জাতীয় সংসদ সচিবালয় থেকে ২০ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে তাদের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি মাভাবিপ্রবির উপাচার্যের কাছেও পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এ মনোনয়ন দেন।