মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার এবং চীনা ভাষা কোর্স চালুর বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকালে মাভাবিপ্রবি পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।
লি শাওফেং বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘চীনা ভাষা কোর্স চালু, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং মাওলানা ভাসানী গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’
এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চীনা দূতাবাসের প্রতিনিধিদের ফুল দিয়ে স্বাগত জানান ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে লি শাওফেং ও থার্ড সেক্রেটারি শিয়া ডাওজিং মাওলানা ভাসানীর মাজার, মাওলানা ভাসানী গবেষণা কেন্দ্র ও ভাসানী জাদুঘর পরিদর্শন করেন। তাঁরা ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স এবং মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি, গ্যালারি রুম ও অতিথি ডরমিটরিও ঘুরে দেখেন।
লি শাওফেং বলেন, ‘এখানে এসে এবং এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মাওলানা ভাসানীর সঙ্গে চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি জানান, মাভাবিপ্রবির উন্নয়ন ও বাংলাদেশ-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে যৌথ উদ্যোগের বিষয়ে তাঁর কিছু ধারণা রয়েছে, যা তিনি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করবেন।