পঞ্চগড় প্রতিনিধি : আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে তরুণ শিক্ষার্থীদের পরিচিত করতে পঞ্চগড় পাইওনিয়ার্স আয়োজন করেছে দুই দিনব্যাপী মডেল ইউনাইটেড ন্যাশনস। জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন, জোট গঠন, প্রস্তাব প্রণয়ন ও ভোটাভুটিতে অংশ নিয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
ছায়া জাতিসংঘ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় অংশ নেন।
প্রথম দিনের জেনারেল অ্যাসেম্বলিতে শরনার্থী সংকট, মানবিক অধিকার ও নিরাপদ আশ্রয় বিষয়ে প্রস্তাব ও যুক্তি তর্কে অংশ নেয় বিভিন্ন দেশ ও সংবাদ সংস্থার প্রতিনিধি শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, মূল সম্মেলনের আগে অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অফলাইন ও অনলাইন কর্মশালা করে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং ও নেতৃত্ব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পরে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হয়। শনিবার শেষ হবে এই সম্মেলন বলেও জানান আয়োজকেরা।
পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় পাইওনিয়ার্সের পরিচালক ব্যারিস্টার নওশাদ জমির জানান, পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ সময় অন্যান্যের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, লেখক ও আইনজীবী ব্যারিস্টার নওফল জমির, বিএনপি নেতা আদম সুফিসহ পঞ্চগড় পাইওনিয়ার্সের সদস্যরা উপস্থিত ছিলেন।