রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : লোকজ সংস্কৃতি প্রদর্শনী, নানান আয়োজনে কুড়িগ্রামের রাজিবপুরে পালিত হয়েছে বাঙালীর ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ।
মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ১০টায় চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে।
১ বৈশাখের কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এ এফ এম শামীম, সাথে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান , সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান ও রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি): মুছা মিয়া।
পহেলা বৈশাখের আনন্দ মিছিলে হাজারো মানুষের ঢল নামে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের গাড়ি, রং বেরঙের ফেস্টুন, ব্যানার নিয়ে উপজেলা শহরকে মুখরিত করে তোলে। পরে শহীদ মিনার চত্বরে বৈশাখের বিভিন্ন স্টল পরিদর্শন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত, বিভিন্ন পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।