জুলফিকার জনি, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, রোজ: সোমবার জেলা প্রশাসন, নোয়াখালীর উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হয়েছে বাংলা বছরের প্রথম দিনের আগমনী উৎসব – বাংলা নববর্ষ।
শোভাযাত্রায় অংশ নেন নোয়াখালী জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ও সাংবাদিকবৃন্দ। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন নোয়াখালীর কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী ব্যক্তিরা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগ।
পরবর্তীতে, মুক্তমঞ্চ, জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী’তে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া, বিসিক, নোয়াখালী’র সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী’র মাঠ প্রাঙ্গণে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক। সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে দলীয় ও একক গান, নৃত্য পরিবেশনের পর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতি জনাব আয়নুন নাহার সিদ্দিকা মহোদয়।
এ সময় সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।