পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়াফিয়া জাহিন ওয়াফি তার চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক ৩৬ জুলাই আন্দোলনের নানা দৃশ্যপট। বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তার আঁকা ছবি, যার নাম দিয়েছে “এক খণ্ড জুলাই”—প্রকাশের পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী ও অভিভাবকদের।
ওয়াফিয়ার চিত্রকর্মে উঠে এসেছে শহীদ আবু সাঈদের দেশের জন্য আত্মত্যাগ, কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষুব্ধ ছাত্রদের উপস্থিতি, আন্দোলনের সময় আহত ও নিহত শিক্ষার্থীদের হৃদয়বিদারক দৃশ্য এবং রিকশায় করে আহত ছাত্রকে নিয়ে যাওয়া মুহূর্তের সংবেদনশীল উপস্থাপন।
বিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশের পর তা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকেই ছবিটির বাস্তবধর্মী ও ঐতিহাসিক সংবেদনশীলতা ফুটিয়ে তোলার দক্ষতার প্রশংসা করেছেন।
ওয়াফিয়া জাহিন ওয়াফি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ এলাকার বাসিন্দা। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা শিরীন সুলতানা একজন প্রধান শিক্ষিকা। পরিবারের তিন মেয়ের মধ্যে ওয়াফি তৃতীয়।
চিত্রাঙ্কনের পাশাপাশি ওয়াফি গান ও নাচেও সমান পারদর্শী। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সে এর আগেও বিদ্যালয়ের হয়ে পুরস্কার অর্জন করেছে।
এ বিষয়ে ওয়াফিয়া জানায়, ৩৬ জুলাই আন্দোলন আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। আমি আমার রং পেন্সিলে সেই অধ্যায়ের কিছু মুহূর্ত ধরে রাখতে চেয়েছি।”
ওয়াফিয়ার মা শিরীন সুলতানা বলেন, “ও ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজে আগ্রহী। আমরা চেষ্টা করি তাকে উৎসাহ দিতে। আজকের অর্জন আমাদের গর্বিত করেছে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ওয়াফিয়ার চিত্রকর্মগুলো সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ নেয়া হবে।