রমজান আলী, মাদারগঞ্জ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় হতদরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার ১৩ অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেশ কয়েকজন হতদরিদ্র নারীকে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরণের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইউএনও নাদির শাহ বলেন, “এই সহায়তার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং প্রতিবন্ধীরা সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।”
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাপকদের হাতে সেলাই মেশিন ও হুইলচেয়ার তুলে দেন।