রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন মিটিং চলাকালে আট জনকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারী) রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক মেয়র ছানুর বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫) ও মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো.হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও মেয়র ছানুর অফিস সহকারী মো.রাশেদুল ইসলাম (১৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে মো.শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দে এর ছেলে বিজয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়ীতে নাশকতার পরিকল্পনায় তাঁর অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন। এমন খবরে ভিত্ততে তার পাথালিয়া বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগের কর্মী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন মিটিং করার সময় সাবেক মেয়রের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে। তারা সকলেই আওয়ামী লীগের কর্মী।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।