নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করার পরেও কার্যালয় ত্যাগ না করায়, জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বদলি আদেশের চার মাস হলেও বদলি না নিয়ে, সম্প্রতি বদলি ঠেকাতে মরিয়া হয়ে জেলা অফিসের কর্মচারীদের চাপ প্রয়োগ করে, আরো কিছুদিন থাকার জন্য অধিদপ্তরে লিখিত আবেদন করায়।
জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।কিছুদিন পরে জেলা কার্যালয়ের উপ পরিচালক বদলি হলে, উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান এ কর্মকর্তা।একই কর্মস্থলে দীর্ঘদিন থাকায় সরকারি নিয়মানুযায়ী গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
লায়লা আক্তারসহ একাধিক সেবা প্রার্থীর অভিযোগ, ভিডাব্লিউবির সমস্যা সমাধানের জন্য উপজেলায় বার বার গেলেও তাকে পাওয়া যায় না।
এছাড়াও অসৌজন্য আচরণেরও অভিযোগ রয়েছে কর্মকর্তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানিয়েছেন, প্রতিনিয়ত কর্মচারীদের সাথে অসৎ আচরণে অতিষ্ঠ তারা। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলায় বহাল রাখার জন্য লিখিত নেন তিনি।তারা অবিলম্বে এই বিতর্কিত ব্যক্তির বদলির আদেশ বহাল রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।