রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া গ্রামে চাঁদা না পেয়ে এক ইজিবাইক চালককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এক বিএনপি নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য গোলাম মোস্তফা জিন্নাহ ও তার সহযোগী সোলায়মান সুলাই। তারা দুজনেই পূর্ব জটিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গা মিয়া নামের একজন ইজিবাইক চালক দীর্ঘদিন ধরে জটিয়ারপাড়া এলাকায় বাস করে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সরকার পরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে অভিযুক্তরা তার কাছ থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, গত ৩১ মে রাতে তাকে পথরোধ করে হকিস্টিক ও লোহার রড দিয়ে মারধর করা হয়, এতে তিনি মারাত্মক আহত হন।
পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাঙ্গা মিয়া সেনাবাহিনীর মাদারগঞ্জ ক্যাম্পে লিখিত অভিযোগ দিলে সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাদকসেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুটি স্টিলের রড উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, “চাঁদাবাজির ঘটনায় আটক দুই ব্যক্তিকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”