রমজান আলী, মাদারগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি : চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মন্জুরুল ইসলাম পরীক্ষার কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন,
“ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে মোট ২৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে আজকের পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আগামীতে এ ধরনের ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাভিত্তিক ভর্তির সুযোগ নিশ্চিত হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের আর অবহেলিত হতে হবে না।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সাবলীল ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরে তারা অত্যন্ত সন্তুষ্ট। তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে এখন থেকে যোগ্যতার ভিত্তিতেই ভর্তির সুযোগ তৈরি হবে, যা তাদের জন্য আশাব্যঞ্জক।
এ পরীক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে ডিসকভার অ্যান্ড ইনভেনশন ক্লাব। ক্লাবের প্রতিনিধিরা জানান, পরীক্ষার্থীদের সকল প্রকার তথ্য সংগ্রহ, প্রবেশপত্র যাচাই, আসন বিন্যাস ও অন্যান্য সহযোগিতায় তারা সর্বাত্মক ভূমিকা রাখে। তাদের এ উদ্যোগে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে সক্ষম হয়েছে।