খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বসতবাড়ির ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসিফ( ১৬) এক শিক্ষা র্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আসিফ রানা চুটচোটিয়া গছ বাসিন্দা নুর জামালের ছেলে। তিনি শালবাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
এ বিষয়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় আসিফ তার চাচা আব্দুর রাজ্জাকের রান্নাঘরের বৈদ্যুতিক হোল্ডারে ছেঁড়া তারে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।