এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : বিকশিত বাংলাদেশ ফাউণ্ডেশন ও গণস্বাক্ষরতা অভিযান এর সহযোগিতায় ইউনিয়ন কমিউনিটি এডুকেশন এর আয়োজনে পঞ্চগড়ের বোদায় মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত গণশুনানিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ, শিক্ষা প্রসারতায় ভূমিকা, অভিভাবক – শিক্ষকদের দায়িত্ব সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়।
সূত্র জানায়, মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে গণশুনানি অনুষ্ঠানে বাদী হিসেবে অভিভাবকমন্ডলী ও শিক্ষকদের বিবাদী হিসেবে বক্তব্য নেয়া হয়। এতে প্রধান বিচারক হিসেবে শফিউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল আলম, সহ বিচারক হিসেবে ঝলইশালশিরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মামুন ইসলাম এবং সহকারী শিক্ষিকা মোছা: শামসুন্নাহার দায়িত্ব পালন করেন।
ঝলইশালশিরি ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সাধারণ সম্পাদক বাবু কংকরপদ দে’র সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ ও সম্মানিত অতিথি হিসেবে সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, বিকশিত বাংলাদেশ ফাউণ্ডেশন এর প্রতিনিধি অনিল চন্দ্র শর্মা প্রমুখ সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ বলেন, গণ শুনানিতে শিক্ষকদের ঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদানের বিষয়ের উদ্রেক হলে পক্ষান্তরে শিক্ষকরাও বিদ্যালয় চলাকালীন কৃষিকাজ সহ অন্য কোনো কাজে শিক্ষার্থীদের যুক্ত না করতে অভিভাবকদের প্রতি আহবান করেন। পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ সহ শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা গ্রহণে শিক্ষক এবং অভিভাবকদের স্বীয় দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হবার তাগিদ দেয়া হয়েছে।