কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সম্পর্কে মা ও ছেলে।
র্যাব জানায়, গত ৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রোবিনা আক্তার (৩৮),মোঃ রিফাত (২৫) উভয়ই কুমিল্লা জেলার বুড়িচং থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মা ও ছেলে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আসছিল। তারা এসব মাদক কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।