এম আই আকাশ, বোদা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় মধ্যরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সহ দুইজন গুরুতর আহত হয়েছে।
বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, উপজেলার চন্দনবাড়ী নামক স্থানে এশিয়ান হাইওয়ে সড়কে গত মঙ্গলবার রাত ২টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক ও হেলপার চাপা খেয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসএর পরিদর্শক রায়হান ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল মধ্যরাতে ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় পাওয়ার ইউনিট চালু করে হাইড্রলিক স্প্রেডার ও র্যামজ্যাক ব্যবহার করে ট্রাকের ভেতর থেকে চাপা খাওয়া চালক ও হেলপার কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উদ্ধারকৃত একজনের নাম বাবুল (৪৩) পিতা মমতাজ, বাড়ি সাভার এবং অপরজনের নাম আশিক (৩০) পিতা সাইফুল ইসলাম দিনাজপুর ঘোড়াঘাটের বাসিন্দা।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, দূর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আঁতকে ওঠার মতো দেখি চাপা খেয়ে দুজন যেন মৃত্যু প্রহর গুনছিল। আমাদের চৌকস টিমের সহায়তায় দুজন মানুষকে উদ্ধার করে বাচাতে পেরেছি এই অনূভুতি বলে বোঝানোর নয়।