দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দেশে আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেশে প্রতিনিয়ত ধর্ষনের মতো অপরাধ বেড়েই চলছে। দুমকিতে এবিপার্টির ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন এবিপার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি প্রফেসর ডা. মেজর আবদুল ওহাব মিনার (অব.)।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুমকি’র পাঙ্গাশিয়ায় আমার বাংলাদেশ পার্টি দুমকি উপজেলা শাখার উদ্যোগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি জুলাই অভ্যুত্থানে নিহত পাঙ্গাসিয়া ইউনিয়নের শহীদ জসিমের মেয়ের ধর্ষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সুবিধাবাদী মহল এই সুযোগ গ্রহণ করছে।
অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। তাহলে হয়তো এইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন পবিত্র মাহে রমজান মাসে এমন ঘটনা প্রমাণ করে মানুষের মধ্যে মানবিক গুণাবলী ভীষণভাবে লোপ পেয়েছে।
নৈতিক শিক্ষার অনুপস্থিতি, ধর্মীয় অনুশাসনের ব্যাপক ঘাটতি, আইনের শাসনের অভাব এবং সুস্থ বিনোদনের অভাবের কারণে সমাজে এই পাশবিক আচরণ বেড়ে গেছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি সাধন ব্যতীত এমন অবস্থায় জাতীয় নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। রমজানের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারায় সরকারকে ধন্যবাদ জানান। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা স্মরন করিয়ে দিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সিদ্ধান্তে সহযোগিতা করার আহ্বান জানান । তিনি আরো বলেন- নিজেদের পারস্পরিক ভুল বোঝাবুঝির ফাঁকে পতিত স্বৈরাচার কোনভাবেই যাতে মাথাচড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সর্বদা সতর্ক থাকতে হবে।
দুমকী উপজেলার সদস্য সচিব মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় এই ইফতার পার্টিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন। তিনি ব্যক্তিগত ও সমাজ জীবনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের যুব পার্টির সদস্য সচিব মো. মাসুদুর রহমান, প্রেসক্লাব দুমকি’র সহ সভাপতি মোঃ সহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।