পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট এলাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ব্যবসায়ীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।
এ সময় টুনিরহাট বাজার বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করেই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় মানুষজন অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশে কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, টুনিরহাট বাজারের ব্যবসায়ী খায়রুল ও খতিবরের বিরুদ্ধে লাবলু নামে এক ব্যাক্তি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি। কেননা লাবলু একজন মামলাবাজ ও প্রতারক শ্রেণীর লোক। সে মিথ্যা মামলা করে অনেককে হয়রানি করছে। সে টুনিরহাট বাজারে ব্যবসায়ীদের কাছে বাকীতে সদাই নিয়ে উল্টা মিথ্যা মামলা দায়ের করেছে। যার কোন ভিত্তি নেই। যদি এই মামলা প্রত্যাহার করা না হয় তাহলে সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো ব্যবসায়ীরা। সেই সাথে সব ধরনের দোকানপাট শাটডাউন রেখে আমাদের আন্দোলন চলবে।