এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড় সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কতৃক ভারতে প্রবেশের চেষ্টাকালীন সময় একজন গরু চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শনিবার ২৭ ডিসেম্বর ভোরে পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ ঘাগড়া বিওপির বিশেষ টহল দল সুবেদার জাহানুর ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/এমপি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ গরু চোরাচালান দলের অন্যতম সদস্য মো: ফিরোজ কামাল (২৯), পিতা মোতাহার, গ্রাম-সালটিয়াপাড়া, হাড়িভাসা ইউনিয়ন কে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, অবৈধ চোরাচালানের উদ্দেশ্যে ভারতে ঢোকার অপচেষ্টা কারী আটককৃত ফিরোজ কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চোরাচালানের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটককৃত ব্যাক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে আছে। যেকোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত।