রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর পুলক পারভেজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ ১৩ ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে জামালপুর শহর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলকের পরিবার ও গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। আপাতত তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং রাতেই তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
পুলক পারভেজ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, ২০২২ সালে মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রামে বিএনপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলাটি দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। ওই মামলার বাদী ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।