বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লায় সক্রিয় মোটরসাইকেল ছিনতাই ও চুরির বিশাল এক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৮ মার্চ সন্ধ্যায় উপজেলার ‘বারবনের মাঠ’ এলাকায় যাত্রীবেশে চালক সাইফুল্লাহকে কৌশলে সরিয়ে তার ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা প্রধান আসামি রুকন মিয়া ও ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তার সহযোগী দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্যের তথ্য। জানা গেছে, গত ২৭ মার্চ চব্বিশা গ্রামের সাংবাদিক দিলুয়ার হোসেনের ভাই নজরুল ইসলামের বাইক চুরির সাথেও এই চক্রটি সরাসরি জড়িত।
অন্যদিকে, চুরির অভিযোগে গত বুধবার দামপুর গ্রামের রাসেল মিয়া (২৭) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, নজরুল ইসলামের বাইক চুরির ঘটনায় মার্কূলী ও শসার কান্দার একটি শক্তিশালী চক্র জড়িত। এই সিন্ডিকেটের নেপথ্যে সাগর ও মারুফসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।
শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও বাইক উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনের নাম এসেছে। অপরাধ দমনে এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।