সাভার, প্রতিনিধি : দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনসহ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা-এর সামনে এ কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সাভার সাবরেজিস্টার জাকির হোসেন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক তোফাসানি, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আদনান হোসেন এবং শ্রমিক নেতা ও সাংবাদিক আহমেদ জীবনসহ আরও অনেকে।
বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাবরেজিস্টার জাকির হোসেনকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
কর্মসূচির অংশ হিসেবে শেষে সাংবাদিকরা কলম বিরতি পালন করেন। এতে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জসহ রাজধানীর বিভিন্ন গণমাধ্যমকর্মী ও নেতারা অংশগ্রহণ করেন।