মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি তাদের সাথে মিশে, তাদের সাথে ক্লাস করেছি। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা যদি তাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে, তাহলে তারা আর স্কুল ফাঁকি দেবে না বা পড়াশোনায় অমনোযোগী হবে না।’ তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক সুযোগ-সুবিধা এবং দক্ষ, যোগ্য শিক্ষক দিয়ে পরিচালিত করা অত্যন্ত জরুরি।
জেলার সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদ্যালয়। সোমবার ২০ এপ্রিল সকাল ১০টায় শিক্ষিক শামিমা নাসরিন সপ্তম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছেন। হঠাৎ ক্লাসে হাজির হন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বসে যান ছাত্রদের সঙ্গে, ক্লাস চলমান রাখতে বলেন শিক্ষককে। মনোযোগী ছাত্রের ন্যায় প্রায় আধা ঘণ্টা ক্লাসের লেকচার শুনেন তিনি।
শ্রেণিকক্ষে সংসদ সদস্যকে পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা। শিক্ষকও সাবলীল পাঠদানে ব্যস্ত ছিলেন। শ্রেণিকক্ষে বসে বিদ্যালয়ের পড়াশোনার মান, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে সেগুলো সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন সংসদ সদস্য।
এ সময় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মনিরুল হক চৌধুরী বিদ্যালয়ে একটি নতুন ভবন করে দেয়ারও প্রতিশ্রুতি দেন।
সোমবার সকালে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে স্কুলের ক্লাসরুম পরিদর্শনে যান সংসদ সদস্য। দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।