ইনসাফ ডেস্ক : কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ জনতা পার্টি বাংলাদেশের
জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ এক যৌথ বিবৃতিতে রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, “কড়াইল বস্তির এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে হাজারো মানুষের মাথা গোঁজার একমাত্র আশ্রয় নিশ্চিহ্ন হয়ে গেছে। বহু পরিশ্রমে গড়ে তোলা সামান্য সহায়–সম্বল, জীবনের যাবতীয় সঞ্চয় ও ভবিষ্যৎ স্বপ্ন দাউদাউ করে জ্বলন্ত অগ্নিশিখায় ভস্মীভূত হয়েছে।
নারী, শিশু, প্রবীণ ও কর্মজীবী মানুষ হঠাৎ করে গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন।
গোলাম সারোয়ার মিলন ও শওকত মাহমুদ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দায় নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন, “নগরীর বস্তিবাসীকে ঘিরে বারবার সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাবলি এখন এক ধরনের ‘নৈমিত্তিক ট্র্যাজেডি’র রূপ নিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবারই প্রথাগত তদন্তের কথা বলা হলেও অধিকাংশ ক্ষেত্রে তার ফলাফল অগোচরে থেকে যায়, কার্যকর প্রতিকারও পরিলক্ষিত হয় না। কড়াইল বস্তির এ অগ্নিকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে এটি দুর্ঘটনা, নাশকতা, নাকি চরম প্রশাসনিক অবহেলার ফল—তা সুস্পষ্টভাবে নির্ধারণ করে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
বিবৃতিতে তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অবিলম্বে পুনর্বাসনে রাষ্ট্রীয় উদ্যোগকে অপরিহার্য বলে উল্লেখ করেন।