কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি। তারা আমাকে ২ লাখের অধিক ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমার ওপর ভরসা রেখেছে। আমি তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চাই।
সোমবার ২ মার্চ সকালে সদর দক্ষিণ উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ আমি আবেগ আপ্লুত। এই সদর দক্ষিণ উপজেলা, পৌরসভা, থানা সব আমার করা। গত ১৭ বছরে আমি এখানে আসতে পারিনি। আল্লাহ সুযোগ করে দিয়েছে, সম্মান দিয়েছে। সদর দক্ষিণের অসমাপ্ত কাজ আমি করে যেতে চাই।
তিনি আরও বলেন, লালমাই উপজেলা প্রতিষ্ঠা করা ছিলো লোটাস কামালের ভুল সিদ্ধান্ত৷ সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি হলে সদর দক্ষিণ উপজেলা পুনর্গঠন করে লালমাই উপজেলা বিলুপ্ত করা হবে।
এ সময় তিনি পূর্ব জোড়ককনন, গলিয়ারা ও বাড়োপাড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য জায়গা নির্ধারণ করতে স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশ দেন। সে অনুযায়ী পরিষদ ভবন নির্মানের কাজ করতে প্রশাসনকে তাগিদ দেন।
কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ার বিষয়ে প্রশাসনকে উদ্দেশ্য করে মনিরুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে আপনারা কাজ করছেন আমি জানি, আপনারা আরো কঠোর হবেন। কেউ যদি সুপারিশ করতে আসে তাকেও বেঁধে রাখবেন।
সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন রাস্তা, কালভার্ট নির্মান কাজের তদারকি করেন এবং গুরুত্বের ভিত্তিতে নতুন রাস্তার নির্মান তালিকাভুক্ত করতে বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা আবু হানিফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।