টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে প্রায় ১৫–২০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে হামিদপুর বাজার থেকে শুরু হয়ে মানববন্ধনটি দেওলাবাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। দীর্ঘ এই মানববন্ধনে বিএনপির স্থানীয় নেতা–কর্মী ছাড়াও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপি সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্রনেতা শামিম মিয়াসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, টাঙ্গাইল-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নাসির ঘাটাইল এলাকার বাসিন্দা নন। অন্যদিকে সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ দীর্ঘদিন ধরে এলাকার নেতা–কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তবুও তাকে মনোনয়ন না দিয়ে নাসিরকে মনোনয়ন দেওয়া অন্যায়।
তারা আরও বলেন, “অবিলম্বে নাসিরের মনোনয়ন বাতিল করে লুৎফর রহমান আজাদকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় ঘাটাইলবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
মানববন্ধন চলাকালে লুৎফর রহমান আজাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন দলীয় নেতা–কর্মী ও স্থানীয় সমর্থকরা।