টাঙ্গাইল প্রতিনিধি : আজ মঙ্গলবার ১৫ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে গাছ রোপণ ও পরিচর্যার পরামর্শ দেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল।
ফরহাদ ইকবাল বলেন, “গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পৃথিবী গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। বিএনপি সবসময় সমাজ ও পরিবেশবান্ধব কার্যক্রমে বিশ্বাসী।”
চারা বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা মো. শাহ্ আলম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. রাকিব হোসেন, আরিফিন রানা,মাভাবিপ্রবি ছাত্রদলকর্মী রুপক আহমেদ এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির নির্দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালিত হচ্ছে।