রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তারতাপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং নৈতিক-আদর্শিক সমাজ গঠনের প্রত্যয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিজুড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জামিউল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অনন্য সুযোগ এনে দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে সততা, নৈতিকতা ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাহফিলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি আত্মগঠন ও সমাজ সংস্কারেরও সময়। ইসলামী মূল্যবোধের আলোকে একটি ন্যায় ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।