টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার দীর্ঘদিনের পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল হাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে টেকনাফ মডেল থানায় আরেকজন চিহ্নিত মাদক মামলার আসামিকে টাকার মাধ্যমে ছুটিয়ে আনতেগেলে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল হাকিম কচুবনিয়া এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে মাদক পাচার, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে মাদক মামলায় তিনি প্রায় ১৪ বছর ধরে পলাতক ছিলেন বলে জানা যায়। এ সময় প্রশাসনের চোখ ফাঁকি দিতে তিনি ছদ্মবেশ ধারণ করে এলাকায় অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে আরেকজন চিহ্নিত মাদক কারবারি তার ভাইকে টাকার মাধ্যমে ছুটাইতে থানায় গেলে, তাকে সনাক্ত করে আটক করে পুলিশ।
টেকনাফ মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নুরুল হাকিম দীর্ঘদিন ছদ্মবেশে চলাফেরা করে আসছিলেন। আজ সকালে তার ভাই মাদক কারবারি নুরুল আমিনের জন্য সুপারিশ করতে আসে সেই। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে চিহ্নিত করতে পারে। পরে ওসির নির্দেশনায় এসআই তাপস ও এএসআই মানষের নেতৃত্বে টেকনাফ মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “নুরুল হাকিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও টেকনাফের বড়ইতুলি এলাকায় পাঞ্জাবির ভিতরে করে পাচারকালে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ও মানবপাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।