রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া করতে গিয়ে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জুনাইল ফকিরবাড়ী এলাকার দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহিনের স্ত্রী রনি (২৫)-এর সঙ্গে তারতাপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম (৩৯)-এর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অডিও ও ভিডিও কলের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। একপর্যায়ে জাহাঙ্গীর বিদেশে থাকা অবস্থায় রনিকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
বুধবার রাতে জাহাঙ্গীর রনির বাড়িতে আসলে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে ঘরে আটকে রাখে এবং পরে থানায় খবর দেয়। পুলিশ এসে উভয়কে থানায় নিয়ে যায়।
আটক জাহাঙ্গীর জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে রনি তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন। তিনি রনিকে বিয়ে করতে আগ্রহী বলেও জানান।
অন্যদিকে, জাহাঙ্গীরের স্ত্রী মায়া আক্তার (৩৫) অভিযোগ করেন, তিনি গার্মেন্টসে কাজ করে স্বামীকে বিদেশে পাঠালেও জাহাঙ্গীর তাকে কোনো খরচ দেননি। বরং তার মায়ের নামে টাকা পাঠাতেন। সম্প্রতি দেশে ফিরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় তিনি জামালপুর জেলা জজ আদালতে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন (সি.আর মামলা নং-৮৫/২০২৬)।
এছাড়া তাকে ডিভোর্স দেয়া হয়েছে বলে জানানো হলেও তিনি কোনো কাগজপত্র পাননি।
মাদারগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াজিউর রহমান জানান, আটক নারীকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনার সাথে জড়িতদের থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”