রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম রাজমিস্ত্রি হাসান আলী (২৫)। তিনি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ৯টার দিকে কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হাসান আলী। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে স্বজনদের দাবি, হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই অভিযোগ করে বলেন, “আমার ভাই তখনও জীবিত ছিল। ঠিকভাবে চিকিৎসা দিলে সে বাঁচতে পারত। কিন্তু চিকিৎসকের অবহেলায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।”
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার সময়ই রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদেক মোর্শেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনা যুবকটিকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।