আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা এ দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার ১১ মে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন ওষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে বহু প্রতিনিধিকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের ‘দালাল’ আখ্যা দেয়া হয়, যা তাদের পেশাগত মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বক্তারা আরও বলেন, চিকিৎসকদের কাছে ওষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও হালনাগাদ তথ্য পৌঁছে দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের প্রতি অপমানজনক আচরণ ও হয়রানি বন্ধ করা জরুরি।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) রাজিবপুর শাখার সভাপতি মো. জয়েন উদ্দীন। তিনি বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়। আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। আমাদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
আরও বক্তব্য দেন ফারিয়া রাজিবপুর শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি ১৫ দিন কাজ বন্ধ রাখি, তাহলে ওষধ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেয়া হতে পারে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে পেশাগত মর্যাদা রক্ষা, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩