মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ ২ রা মার্চ সোমবার বিকেলে সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা–মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
আজ দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা কোর্ট চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেয়া হয় তাঁর গ্রামের বাড়িতে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল তিনটার দিকে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার তৌফিক ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ১০টায় ‘মাল্টি অর্গান ফেইলিওর’-এ তাঁর মৃত্যু হয়। রোববার রাতে মরদেহ দেশে আনা হয়।
জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন এবং পরবর্তী মেয়াদেও একই দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।